ক্ষমা চাইলো প্রথম আলো ও হাসনাত আবদুল হাই
ক্ষমা চাইলো প্রথম আলো ও হাসনাত আবদুল হাই
দৈনিক প্রথম আলো পত্রিকার নববর্ষ সংখ্যায় প্রকাশিত হাসনাত আবদুল হাইয়ের গল্প ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল সারাদেশে। প্রথম আলো পত্রিকায় শাহবাগ গণজাগরণ মঞ্চের কর্মসূচীতে অংশ নেওয়া নারীদের চরিত্র হনন করে লেখা ছোটগল্প অবশেষে প্রত্যাহার করার ঘোষণা দিয়ে ক্ষমা প্রার্থনা করেছে প্রথম আলো ও গল্পকার হাসনাত আবদুল হাই।
প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত এক ঘোষণায় বলা হয়, ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ শিরোনামের এ লেখার মতামত পত্রিকার নীতি ও আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ নয়। অসাবধানতাবশত লেখাটি মুদ্রণের জন্য প্রথম আলো আন্তরিকভাবে দুঃখিত এবং পাঠকের কাছে ক্ষমা প্রার্থী।
একই ঘোষণায় লেখক হাসানাত আবদুল হাইয়ের একটি বিবৃতিও প্রকাশিত হয়েছে।এতে বলা হয়, “পয়লা বৈশাখ ১৪২০-এর ‘প্রথম আলো’র বিশেষ পৃষ্ঠায় ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ নামে আমার একটি ছোটগল্প ছাপা হয়। কারও কিংবা কোনো গোষ্ঠীর মনে আঘাত দেওয়ার উদ্দেশ্যে গল্পটি লেখা হয়নি। দেখা যাচ্ছে, বেশ কিছু পাঠক গল্পটি পড়ে ক্ষুব্ধ হয়েছেন। অনিচ্ছা সত্ত্বেও তাঁদের ক্ষুব্ধ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। গল্পটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে কোনো গল্পগ্রন্থে এটি অন্তর্ভূক্ত করা হবে না।”


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন