টেস্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে আত্মবিশ্বাসী বাংলাদেশ
টেস্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে আত্মবিশ্বাসী বাংলাদেশ
প্রস্তুতি : স্পোর্টস (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---
জিম্বাবুয়েতে আগের ৫ টেস্টের চারটিতেই হেরেছে বাংলাদেশে। অন্যটিও ড্র করেছিল বৃষ্টির আশীর্বাদে। এমনকি ২০১১ সালে প্রায় ৬ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে টেস্টে ফিরেই বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে।
দুই বছর আগে সর্বশেষ জিম্বাবুয়ে সফর ছিল ব্যর্থতা আর হতাশায় ভরা। তবে তারপর থেকেই বাংলাদেশের উন্নতির গ্রাফ উর্ধ্বমুখী। বুধবার থেকে হারারেতে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে তাই দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ।
১৭ এপ্রিল বুধবার বাংলাদেশ সময় বেলা দুইটায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা শুরু হবে ‘জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ’ দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট।
শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পারফর্মেন্স একেবারে মন্দ করেনি মুশফিক বাহিনী। গত মাসে শ্রীলঙ্কা সফরে একটি টেস্ট ড্র ও ওয়ানডে সিরিজ অমীমাংসিত রাখাটা নি:সন্দেহে দলের ইতিবাচক দিক। এবার মুখোমুখি বাংলাদেশ মুখোমুখি হচ্ছে র্যাংকিংয়ে পিছনে থাকা জিম্বাবুয়ের সঙ্গে। তবে জিম্বাবুয়েকে একেবারে খাটো করে দেখার সুযোগ নেই। নিজেদের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে তারা বরাবরই ভালো খেলে থাকে।
জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজটি বাংলাদেশের সামনে এখন তাই একধরণের চ্যালেঞ্জ। ব্যক্তিগতভাবে মুশফিকের জন্যও এটি অগ্নিপরীক্ষা। দুই বছর আগে জিম্বাবুয়ে সফরের ব্যর্থতা অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছিল সাকিব আল হাসানকে। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ও নেতৃত্ব হারিয়েছিলেন জিম্বাবুয়ে সফরের ব্যর্থতায়।
এবার অবশ্য প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশকে ১৩০ রানে হারিয়ে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেও তারপর থেকে কেবল হেরেই চলেছে জিম্বাবুয়ে। অন্যদিকে ঐ সফরের পর থেকে মুশফিকের নেতৃত্বে বাংলাদেশের সাফল্য চোখে পড়ার মতো।
বাংলাদেশের কোচ শেন জার্গেনসেন বলেন, আমাদের অবস্থান বোঝার জন্য এই সিরিজটা হবে একটা ভালো মানদণ্ড। বিদেশের মাটিতে ভালো করার জন্য শ্রীলঙ্কা সফর ছিল খুবই গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে আমরা সব সময়ই ভালো দল। তবে এখন আমাদের আরো সামনের দিকে এগোতে হবে। গত বছর ওয়ানডেতে আমাদের ভালো কেটেছে। সেই আত্মবিশ্বাস এবং দৃষ্টিভঙ্গি অন্য ধরনের ক্রিকেটেও সঞ্চারিত হওয়া শুরু হয়েছে।
বাংলাদেশ দলে সাকিব, শাহরিয়ার নাফীস ও এনামুল হক জুনিয়র খেলবেন এটা প্রায় নিশ্চিত। সাকিব অবশ্য প্রথম টেস্টে বল করতে পারবেন না, শুধু ব্যাট করবেন। তামিম হাসানের বুড়ো আঙ্গুলে চোট আছে, তাই তার সম্ভাবনা ৫০ ভাগ। দলে সবাই নিজ নিজ পজিশনে ভালো করতে চান। কারণ নয়তো পজিশন হারানোর সম্ভাবনা আছে।
ইনজুরির দিক দিয়ে জিম্বাবুয়ে তুলনামূলকভাবে বেশি সমস্যায় আছে। চোটের কারণে ফাস্ট বোলার ক্রিস্টোফার এমপোফু, উদ্বোধনী ব্যাটসম্যান টিনো মায়োয়ো এবং উইকেটরক্ষক রেগিস চাকাবভা নেই। আয়ারল্যান্ডে ক্লাব ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় অলরাউন্ডার ক্রেইগ আর্ভিনও অনুপস্থিত।
অবশ্য জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত কোচ স্টিফেন ম্যানগঙ্গোর কণ্ঠে আছে আত্মবিশ্বাস। তিনি বলেন, আমরা বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছি। তাই আমরা উন্নতি করতে পারছি নাকি পারছি না, তা বোঝার জন্য তারাই হচ্ছে আসল মানদণ্ড। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার পাশাপাশি মানুষের শ্রদ্ধা অর্জন আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেজন্য বাংলাদেশের মতো দলকে হারানো প্রয়োজন।
বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট ম্যাচটি সরাসরি সম্প্রচার করবো মাছরাঙ্গা টেলিভিশন। বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সবগুলো খেলায় সরাসরি দেখা যাবে এই চ্যানেলে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন