ইলিয়াস আলী গুম হওয়ার একবছর পূর্ণ
ইলিয়াস আলী গুম হওয়ার একবছর পূর্ণ
প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার একবছর পূর্ণ । তার গুমের ঘটনার কোনো কূল-কিনারা করতে পারেনি প্রশাসন।
গতবছর ১৭ এপ্রিল মঙ্গলবার মধ্যরাত থেকে ইলিয়াস নিখোঁজ। সেদিন গভীর রাতে পুলিশ সাবেক এই সংসদ সদস্যের গাড়িটি রাজধানীর মহাখালীর আমতলী রেলক্রসিং এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। খোঁজ পাওয়া যায়নি ওই গাড়ির চালক আনসার আলীরও।
ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা গণমাধ্যমকে জানান, মধ্যরাতের পর ঢাকার বনানী থানা থেকে ফোন করে তাকে জানানো হয়, মহাখালী থেকে তার স্বামীর গাড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
মহাখালীর সাউথ-পয়েন্ট স্কুলের সামনে দরজা খোলা অবস্থায় গাড়িটি পড়ে ছিল। ড্রাইভার আনসারের মোবাইল ফোনটিকে পাওয়া যায় গাড়ির সামনের সিটে।
লুনা আরো জানান, বিকেলে সিলেট থেকে ঢাকায় ফিরে সন্ধ্যায় আবার ওই গাড়িতে করেই বাসা থেকে বেরিয়ে যান ইলিয়াস আলী। তার স্বামী সাধারণত কোনো আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের বাসায়ও যান না। এরপরও সম্ভাব্য সব জায়গায় ফোন করে খোঁজ নেওয়া হয়। কিন্তু কেউ তাকে ইলিয়াসের সন্ধান দিতে পারেন নি।
বনানী থানায় দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ জানান, ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকার মহাখালী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গাড়ি উদ্ধার করে থানায় আনা হয়। কাগজপত্র পরীক্ষার পর দেখা গেছে, গাড়িটি বিএনপি নেতা ইলিয়াস আলীর।
ইলিয়াস আলীকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে পুলিশের পক্ষ থেকে বার বার জানানো হচ্ছে। কিন্তু ৩৬৫ দিনেও ইলিয়াস আলী গুম হওয়ার কূলকিনারা করতে পারে নি প্রশাসন ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন