ইরানে ভয়াবহ ভূমিকম্পে নিহত শতাধিক
ইরানে ভয়াবহ ভূমিকম্পে নিহত শতাধিক
প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম/ www.protimuhurto.com)
১৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে ইরানে এক ভয়াবহ ভূমিকম্পে শতাধিক লোক নিহত হয়েছে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে এই শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে অনেকে। মৃতের সংখ্যা কয়েকশ’ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ১৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭ দশমিক ৩ মাত্রা। এটি সিসতান বিলুচিস্তান প্রদেশের খাস শহরের ৮৬ কিলোমিটার দূরে ভূ-গর্ভের ১৫ দশমিক ২ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ভূমিকম্পের তীব্রতায় দক্ষিণ পাকিস্তান ছাড়িয়ে নয়াদিল্লিসহ ভারতের উত্তর-পশ্চিম অঞ্চলও কেঁপে ওঠে। ভূমিকম্প অনুভূত হয়েছে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে রাজধানী নয়াদিল্লি, গুরাগাও, চন্ডিগড়, আহমেদাবাদ, জয়পুরসহ উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু এলাকা কেঁপে ওঠে।তবে এখন পর্যন্ত সুনামি সতর্কতার ব্যাপারে কিছু জানা যায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বৃতি দিয়ে ইরানের রাষ্ট্রিয় টেলিভিশন জানিয়েছে, নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। নিহতের সংখ্যা আরো কয়েকশ’ হতে পারে।
ভূমিকম্প উপদ্রুত এলাকা কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। তবে এসব এলাকায় জরুরি উদ্ধাকারী দল ও নিরাপত্তাবাহিনী পাঠানো হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
গত ৪০ বছরে আঘাত হানা ভূমিকম্পের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল দেশটিতে ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৭ জন নিহত হয়। আহত হয় আরও ৮৫০ জন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন