‘সরকার হেফাজতের হুমকি কঠোর হস্তে দমন করবে’
‘সরকার হেফাজতের হুমকি কঠোর হস্তে দমন করবে’
প্রস্তুতি : রাজনীতি (প্রতিমুহূর্ত.কম/ www.protimuhurto.com) ---
১৩ দফা দাবি না মানলে হেফাজতে ইসলাম দেশ অচল করে দেওয়ার যে হুমকি দিয়েছে, সরকার তা নিজস্ব কৌশল ও দক্ষতা দিয়ে মোকাবিলা করবে। একই সঙ্গে হেফাজত নামধারী বিশৃঙ্খলাকারীদের কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাসিম।
১৫ এপ্রিল সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, জামায়াতে ইসলামী ভিন্ন নামে দেশে অরাজকতার সৃষ্টি করছে। তবে সরকার তা প্রতিহত করেছে এবং করবে। এর আগে ৬ এপ্রিল হেফাজতের সমাবেশের দিন জাতি শঙ্কিত ছিল। কিন্তু সরকার তা নিয়ন্ত্রণ করেছে।
হেফাজতের ও বিরোধী দলের এসব ধ্বংসাত্মক কর্মকান্ড জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, এর বড় প্রমাণ হলো পহেলা বৈশাখ। এবারের মতো এত সুন্দরভাবে পহেলা বৈশাখ আগে উদযাপিত হয়নি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে উৎসব উদযাপন করেছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, দেশে বর্তমানে যে হত্যা নৈরাজ্য চলছে, তার দায়ভার বিএনপি-জামায়াতকেই নিতে হবে। এর আগে দেশে কোনো নেতা প্রকাশ্যে হত্যা, রক্তপাতের কথা বলেছেন, এমনটি হয়নি। তবে এখন তা হরহামেশা হচ্ছে।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বাসায় বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নাসিম বলেন, হানিফ যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে সোচ্চার কণ্ঠস্বর হওয়ায় এর আগেও তার বাসায় বোমা হামলা চালিয়েছে জামায়াত-শিবির। এবারো তারাই বোমা নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে। ভুজপুর হামলা প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জামায়াতের হামলায় ওখানে অনেক মানুষ মারা গেছে। শতাধিক গাড়ি ভাংচুর হয়েছে। এরও তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।
বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও ১৪ দলের নতুন কর্মসূচি নির্ধারণ করা হয়। কর্মসূচিতে রয়েছে- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফের বাসায় বোমা হামলার প্রতিবাদে সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সমানে প্রতিবাদ সমাবেশ। ১৮ এপ্রিল বেলা ১১টায় নারী নেতাদের সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠক এবং ২,৩ ও ৪ মে দেশের বিভিন্ন জায়গায় ১৪ দলের নেতাকর্মীদের উপস্থিতিতে হত্যা, নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ।
বেলা ১১ টায় শুরু হয়ে বৈঠকটি দুপুর একটা পর্যন্ত চলে। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ নাসিম। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে ১৪ দলের পক্ষে কথা বলেন মোহাম্মদ নাসিম। এ সময় রাশেদ খান মেনন, মাহাবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিম নাছিমসহ আওয়ামী লীগ ও শরীক বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা : বেলা ৩টা ৫৫ মিনিট, ১৫ এপ্রিল, ২০১৩

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন